`মামলাটি নিয়ে যাতে কেউ খেলতে না পারে সে ব্যাপারে তত্পর এসইসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণ-সম্পর্কিত বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে নিয়ে পুঁজিবাজারে কোনোভাবেই কেউ যাতে খেলতে না পারে, সে বিষয়ে তত্পর এসইসি। এসইসির আইনজীবী হিসেবে আমরাও তত্পর রয়েছি।’ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ বৃহস্পতিবার বিকেলে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও অন্য সদস্যরা মামলাটি নিয়ে আলোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে যান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি এসব কথা বলেন।আজ বিকেল সাড়ে চারটায় মামলাটির বিষয়ে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সাক্ষাত্ করতে আসেন। এ সময় এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন ও আবদুস সালাম শিকদার উপস্থিত ছিলেন।মাহবুবে আলম বলেন, মামলাটির বিষয়ে এসইসি তত্পর রয়েছে, যাতে মার্কেট কোনোভাবে অস্থিতিশীল না হয় সে ব্যাপারে এসইসির নজরদারি রয়েছে।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘এসইসি যেসব পদক্ষেপ নিয়েছে, তা আপামর জনসাধারণের মঙ্গলের জন্য। শেয়ারবাজারের যে ভাবমূর্তি, যে বিশ্বাস ও যোগ্যতা রয়েছে, এটিকে স্থায়ী করার জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সুতরাং যে মামলাটি এসইসির বিরুদ্ধে দায়ের করা হয়েছে, ওই মামলাটি আমরা যাতে খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করি, সে ব্যাপারে এসইসি তত্পর এবং এসইসির আইনজীবী হিসেবে আমরাও তত্পর রয়েছি।’এ বিষয়ে জানতে চাইলে, এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী সাংবাদিকদের বলেন, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে বক্তব্য দিয়েছেন, সেটিই এসইসির বক্তব্য।প্রসঙ্গত, গত রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের এককভাবে কমপক্ষে শতকরা দুই ভাগ শেয়ার ধারণের বিষয়ে এসইসির জারি করা প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।অর্থসচিব, বাণিজ্যসচিব, এসইসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মের রেজিস্ট্রার, ডিএসই ও সিএসইকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।